অধিকরণ কারক

অধিকরণ কারক কাকে বলে ? অধিকরণ কারকের প্রকারভেদ

অধিকরণ কারক কাকে বলে ?

বাক্যের মধ্যের ক্রিয়াসম্পাদনকে ঘিরে অর্থাৎ, কীভাবে ক্রিয়াটি করা হচ্ছে তার ভিত্তিতে কিছু পদকে আশ্রয় করে ক্রিয়াটির স্থান, সময়, কাল, বিষয় বা ভাব ফুটে উঠলে তাকে অধিকরণ কারক বলে।

উদাহরণ – কলকাতায়খুব ভিড়। আলোচ্য বাক্যে ‘ কলকাতায়’ এই বিশেষ্য পদটি স্থান বোঝাচ্ছে। তাই এটি অধিকরণকারক।

শীতকালে গাছের পাতা পড়ে যায়। আলোচ্য বাক্যে ‘ শীতকালে’ এই বিশেষ্য পদটি কাল বোঝাচ্ছে। তাই এটি অধিকরণকারক।

অধিকরণ কারকের প্রকারভেদ

অধিকরণকারক সাধারণত চার রকম যথা – ১) স্থানাধিকরণ , ২) কালাধিকরণ , ৩) ভাবাধিকরণ , ৪) বিষয়াধিকরণ

স্থানাধিকরণ কাকে বলে ? উদাহরণ দাও।

যে স্থানে ক্রিয়াটি অনুষ্ঠিত হয়, বা কর্তা যে স্থানে ক্রিয়াটি সম্পাদন করে তাকেই স্থানাধিকরণ কারক বলে।

উদাহরণ – মালদায় প্রচুর আম চাষ হয়। এই বাক্যে ‘মালদা’ স্থানটিতে অধিকরণ কারক হয়েছে।

ক) একদেশ সূচক স্থানাধিকরণ – সর্বত্র বিস্তার লাভ করেনি মাত্র কোন বিশেষ অংশে কোন কিছুর অবস্থান বোঝালে এক দেশ সূচক স্থানাধিকরণ হয়।

উদাহরণ – বইটা ব্যাগে রাখো। এই বাক্যে স্থান হিসেবে শুধুমাত্র ‘ব্যাগ’ কে বোঝানো হয়েছে।

খ) ব্যপ্তিসূচক স্থানাধিকরণ – কোনো বিশেষ অংশে নয় সর্বত্রই রয়েছে এমন বোঝালে তাকে ব্যপ্তিসূচক স্থানাধিকরণ বলে।

উদাহরণ – রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বিশ্বে ছড়িয়ে আছে।এই বাক্যে ক্রিয়াটি কোন বিশেষ অংশে নয় , সমস্ত জায়গা জুড়ে অনুষ্ঠিত হওয়া বোঝাচ্ছে। তাই এখানে ব্যাপ্তি সূচক স্থানাধিকরণ হয়েছে।

গ) সামীপ্য সূচক স্থানাধিকরণ – কাছে অবস্থিত এমন বোঝালে তাকে সামীপ্যসূচক স্থানাধিকরণ বলে।

উদাহরণ – পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরের মেলা হয়। এই বাক্যে গঙ্গাসাগরে অর্থে সাগরের জল নয় ‘সাগরের’ তীর বোঝানো হয়েছে তাই এটি সামীপ্য স্থানাধিকরণের উদাহরণ।

কালাধিকরণ কাকে বলে ? উদাহরণ দাও।

যে সময়ে ক্রিয়াটি অনুষ্ঠিত বা সম্পাদিত হয় তাকে কালাধিকরণ বলে।

উদাহরণ – সকাল ন’টায় আমাদের বাস আছে। এই বাক্যে সময় বোঝানো হয়েছে,  তাই এটি কালাধিকরণ কারকের উদাহরণ।

ক) ক্ষণমূলক কালাধিকরণ – অতি কম সময়ের মধ্যে কোন ক্রিয়া অনুষ্ঠিত হলে তাকে ক্ষণমূলক কালাধিকরণ বলে।

উদাহরণ – রাত্রি একটায় পুজো শুরু হল। আলোচ্য বাক্যে ক্রিয়াটি অল্প সময় অর্থে ব্যবহার হয়েছে।

খ) ব্যাপ্তি মূলক কালাধিকরণ – বেশি সময় ধরে ক্রিয়াটি অনুষ্ঠিত হলে ব্যাপ্তি মূলক কালাধিকরণ বলে।

উদাহরণ – শীতকালে দিন ছোট, রাত বড়ো। আলোচ্য বাক্যে ‘শীতকাল’ একটি দীর্ঘ সময় পর্ব।

ভাবাধিকরণ কাকে বলে ? উদাহরণ দাও।

যখন কোন ভাব এর উপর নির্ভর করে বা কোন একটি মনোভাবকে নির্দেশ করে তখন তাকে ভাবাধিকরণ কারক বলে।

উদাহরণ – যতীন মামার বাড়ি বেড়াতে যাওয়ার আনন্দে আত্মহারা হয়ে পড়েছে। এই বাক্যে বেড়াতে যাওয়ার ‘আনন্দে’ আত্মহারা হওয়ার ভাবটি প্রকাশিত হয়েছে।

বিষয়াধিকরণ কাকে বলে ? উদাহরণ দাও।

যে বিষয়ে ক্রিয়া নিষ্পন্ন হয় বা যখন কোন বিষয়কে আশ্রয় করে অধিকরণ হয়, তখন তাকে বিষয়াধিকরণ কারক বলে।

উদাহরণ – আমি ইংরেজিতে খুব কাঁচা। আলোচ্য বাক্যে ‘ইংরেজি’ এই বিষয়কে আশ্রয় করে অধিকরণ হয়েছে।

Leave a Comment